দেশের কয়লা ও গ্যাস কুক্ষিগত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে অবশিষ্ট যে কয়লা ও গ্যাস সম্পদ রয়েছে, তা কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিরা ষড়যন্ত্র করে যাচ্ছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকার আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, ভারতের ঝাড়খন্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করা হচ্ছে, সেই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি ভারতের নিজস্ব পরিকল্পনা কমিশন বাতিল করেছিল। অথচ ফ্যাসিবাদী শাসনামলে একই প্রকল্প বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। তিনি দাবি করেন, এটি একটি স্পষ্ট দেশবিরোধী সিদ্ধান্ত।
আরও পড়ুন: মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক
তিনি আরও বলেন, এ ধরনের দেশবিরোধী প্রকল্প কখনোই বেগম খালেদা জিয়াকে দিয়ে করানো সম্ভব হয়নি বলেই তাকে কারাবন্দি করা হয়েছে। যথাযথ চিকিৎসা না দিয়ে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ করেন রিজভী।
নিউজবাংলাদেশ.কম/এসবি








