মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক, শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় গুলশানের নিজ বাসা থেকে ভার্চুয়ালি এ বৈঠকে অংশ নেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্কনীতি এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।
দলীয় সূত্র জানায়, প্রায় আধা ঘণ্টার এই বৈঠকে জেমিসন গ্রিয়ার জানতে চান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে হওয়া আলোচনার ব্যাপারে তারেক রহমানের অবস্থান কী।
আরও পড়ুন: ১১ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত, জামায়াত ১৭৯
জবাবে তারেক রহমান জানান, সরকার যে আলোচনা ও সমঝোতায় পৌঁছেছে, সে বিষয়ে বিএনপির সম্মতি রয়েছে এবং এ নিয়ে দলের কোনো আপত্তি বা ভিন্নমত নেই।
নিউজবাংলাদেশ.কম/এসবি








