News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ১৫ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে পথসভা করবেন তারেক রহমান

নারায়ণগঞ্জে পথসভা করবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। দলীয় সূত্র জানিয়েছে, এদিন থেকেই তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সরাসরি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন।

প্রস্তুতি হিসেবে তারেক রহমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় পথসভা করবেন। ঢাকা–সিলেট মহাসড়কের পাশের তিনটি নির্ধারিত স্থানে এই পথসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সমন্বিতভাবে মাঠে নেমেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে, শুরু হয়েছে প্রস্তুতি সভা ও সাংগঠনিক তৎপরতা।

নির্ধারিত তিন স্থানের মধ্যে রূপগঞ্জ উপজেলায় পথসভাটি সবচেয়ে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু জানিয়েছেন, লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি চলছে। শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবক দলসহ দলীয় কর্মীরা নিয়োজিত থাকবেন।

সোনারগাঁ উপজেলায় পথসভার প্রস্তুতির দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে এবং পোস্টার, ব্যানার ও মাইকিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

আড়াইহাজার উপজেলায় নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক জনসংযোগ চালানো হচ্ছে। পথসভায় সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করাই প্রস্তুতির মূল লক্ষ্য।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শান্তকে উপহার দিলেন তারেক রহমান

জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা যৌথভাবে ধারাবাহিক প্রস্তুতি সভা করছেন। এসব সভায় জনসংযোগ কৌশল, সাংগঠনিক দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

দলীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের এই পথসভাগুলো নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়