News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৪, ১৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:৪৯, ১৩ জানুয়ারি ২০২৬

‘আগামীর নির্বাচন হবে জাতির বাঁক বদলের ইতিহাস’

‘আগামীর নির্বাচন হবে জাতির বাঁক বদলের ইতিহাস’

ছবি: সংগৃহীত

আগামীর নির্বাচন জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি দেশের গণতান্ত্রিক পথকে দৃঢ় ভিত্তিতে দাঁড় করাবে এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এমন একটি সংসদ গঠন করতে চাই, যেখানে আর শুধু নৃত্যগীত হবে না। এই সংসদে মানুষের কথা বলা হবে, কোনো ধরনের সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়ন, দেশের গণতান্ত্রিক অধিকার ও আইন প্রণয়ন নিয়ে কথা হবে। আমরা চাই এমন সংসদ, যেখানে সদস্যরা মানুষের জন্য কথা বলবে, বিরোধিতার সুযোগ থাকবে এবং প্রশংসার স্তুতিবাক্যের কোনো প্রচলন থাকবে না। এমন সংসদ করে আমরা পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চাই।

আরও পড়ুন: মুসাব্বির হত্যায় পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের অভিযোগ সালাহউদ্দিন

তিনি আরও বলেন, আগামীর নির্বাচন হবে দেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে তা নির্ধারণের নির্বাচন। এটি বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। শুধু তাই নয়, এটি শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্বাচনও। আমরা মনে করি, এই নির্বাচন জাতির বাঁক বদলে দেবে এবং গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে। এর মাধ্যমে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সব প্রতিষ্ঠান কার্যকর হবে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ ও সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়