News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৪, ৮ জানুয়ারি ২০২৬

মুসাব্বির হত্যায় পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের অভিযোগ সালাহউদ্দিন

মুসাব্বির হত্যায় পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের অভিযোগ সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

রাজধানীর গ্রিন রোড ও কারওয়ান বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, সম্প্রতি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

তিনি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড বা নির্বাচনী মাঠে সমতা নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনকে অবহিত করা উচিত। নির্বাচন কমিশন ও সরকার যৌথভাবে বিষয়গুলো যথাযথভাবে সমাধান করবে—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় বসুন্ধরা মার্কেটের পেছনে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা আজিজুর রহমান মুসাব্বির ও তার সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি গণতান্ত্রিক ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতেই এমন সহিংসতা ঘটাতে পারে। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, এসব ঘটনা নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে পারবে না।

আরও পড়ুন: রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, তারেক রহমানের এ সফরের উদ্দেশ্য নির্বাচনী প্রচার নয়; বরং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। তাই এ সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।

তিনি জানান, চারদিনের সফরে আগামী সোমবার তারেক রহমান রংপুরের পীরগঞ্জে বাবনপুর জাফরপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সফরের অংশ হিসেবে তিনি বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটেও যাবেন। এ সময় আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা জানানো জাতির দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান যদি শহীদদের কবরে পুষ্পমালা অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন, তাহলে তা গণঅভ্যুত্থানের চেতনাকেই ধারণ করবে। এটাকে নির্বাচনের দৃষ্টিকোণ থেকে না দেখে জাতীয় দায়িত্বের জায়গা থেকে দেখার আহ্বান জানাই।

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, বৃহৎ রাজনৈতিক দল হওয়ায় বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সংখ্যা অনেক। আসন সমঝোতা ও সংসদে বহুদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে অনেক যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। এতে কেউ কেউ বিদ্রোহী হলেও তাদের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আলোচনার মাধ্যমে বিষয়গুলোর মীমাংসা করা হবে।

নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সব রাজনৈতিক দল এখন নির্বাচনের বিষয়ে আন্তরিক। অতীতে বিভিন্ন দাবি ও অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত সবাই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। জনগণও একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। এর পাঁচ দিন পর ৩০ ডিসেম্বর ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মৃত্যুতে দলের ঘোষিত সাত দিনের শোক কর্মসূচি গত সোমবার শেষ হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়