আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে যুক্ত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রফেসর ড. আবু সাঈদ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি জাতীয়তাবাদী আদর্শের প্রতি সংহতি প্রকাশ করেন। ড. আবু সাঈদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়ুন: ডিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
প্রফেসর ড. আবু সাঈদ বাংলাদেশের রাজনীতিতে একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য হিসেবেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞ ড. আবু সাঈদ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী পরিষদে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্ষীয়ান এই নেতার বিএনপিতে যোগদান দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। যোগদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং মিডিয়া সেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








