ডিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং বিতর্কিত গণমাধ্যম আইন বাতিলের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে তারেক রহমান গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, কেবল রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য বা বিরোধের খবর প্রচার করে সাধারণ মানুষের কোনো বাস্তব কল্যাণ হয় না। বরং বিএনপির গণমানুষকেন্দ্রিক রাজনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্রীয় দর্শন জনগণের সামনে তুলে ধরা বেশি জরুরি।
তিনি মনে করেন, দলের রাজনৈতিক রূপরেখা বাস্তবায়নে একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে।
আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন মাইলস্টোনে হতাহতদের পরিবার
ডিআরইউ সভাপতি সালেহ আকন্দ বৈঠক শেষে জানান, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে দীর্ঘ আলোচনায় গণমাধ্যমের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা উঠে এসেছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন যে, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে সাংবাদিকদের কণ্ঠরোধকারী সকল নিপীড়নমূলক ও কালো আইন বাতিলের কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বিগত স্বৈরাচারী সরকারের সময় প্রণীত আইনগুলো নিয়ে তিনি ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছেন।
সাক্ষাৎকালে ডিআরইউ নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তারেক রহমানকে অবহিত করেন এবং তাকে আমন্ত্রণ জানান। এছাড়া ডিআরইউ-এর অবকাঠামোগত উন্নয়নে বিএনপির পক্ষ থেকে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান সালেহ আকন্দ।
বৈঠকে ডিআরইউ-এর শীর্ষ নেতৃবৃন্দ এবং বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








