News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ১৫ জানুয়ারি ২০২৬

নির্বাচনে ব্যত্যয় ঘটলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে: দুদু

নির্বাচনে ব্যত্যয় ঘটলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে: দুদু

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন ব্যাহত হবে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী একটি দেশ বসে আছে যেন বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে যেতে না পারে। এ কারণে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানা বক্তব্য দিচ্ছে। যেসব দলের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাদের বক্তব্যেও সরকারের প্রভাব স্পষ্ট। তিনি বলেন, এনসিপি লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি তুলেছে, যা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি এনসিপির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড অপরিহার্য। সরকারের সঙ্গে যাদের ভালো সম্পর্ক রয়েছে, তারা চাইলে এসব ত্রুটি সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করতে পারে। তা না হলে জনগণ ধরে নিতে পারে, এসব বক্তব্য কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দেশের কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ চরম কষ্টে আছে। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। বর্তমান সরকারের সময় সীমিত হলেও মানুষের প্রত্যাশা ছিল তারা অন্তত কিছু কার্যকর পদক্ষেপ নেবে। কিন্তু ১৭-১৮ মাসে জিনিসপত্রের দাম কমেনি, বরং বেড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভালো নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ অপরিহার্য। অথচ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকার পরও চুয়াডাঙ্গার জীবননগরে একজন যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা উদ্বেগজনক।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পথসভা করবেন তারেক রহমান

অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়