News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৬, ১৩ জানুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনমত যাচাইয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে দ্বৈত নাগরিকত্ব ও পোস্টাল ব্যালট নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে নির্বাচন কমিশনের (ইসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছে দলটি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে এবং আমরাই সবার আগে সংস্কার চেয়েছি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষে যে গণভোট হতে যাচ্ছে, সেখানে আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সংসদে নারীদের আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছি, যা আমাদের নারী ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ। অথচ অনেক দল, এমনকি জামায়াতে ইসলামীও কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। আমরা মনে করি, প্রকৃত সংস্কারের জন্য এই গণভোট অপরিহার্য।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দল রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করেন। 
নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, সংবিধানে সুস্পষ্ট উল্লেখ আছে যে, কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বিগত সরকারের আমলনামার কারণে অনেকে বাধ্য হয়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছিলেন। এখন নাগরিকত্ব ছাড়ার পরও রিটার্নিং কর্মকর্তারা বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। এই জটিলতা নিরসন করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি। এমনকি জামায়াতের যেসব প্রার্থীর আবেদন বাতিল হয়েছে, তাদেরও রিভিউ করার সুযোগ দেওয়া উচিত বলে মনে করে বিএনপি।

আরও পড়ুন: ‘আগামীর নির্বাচন হবে জাতির বাঁক বদলের ইতিহাস’

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে বর্ণানুক্রমিক (Alphabetical) নিয়ম না মেনে উদ্দেশ্যমূলকভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। বাহরাইনে একটি বিশেষ দল ব্যালট পেপার সামলানোর কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি এই ব্যালট পেপারগুলো দেশে ব্যবহার না করার অনুরোধ জানান। 

এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে বিএনপি প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ঢাকা ও বড় শহরগুলোতে অন্য দলগুলো নিয়মিত আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি নির্বিকার থাকছে।

বিএনপি চেয়ারপারসনের উত্তরবঙ্গ সফর স্থগিতের বিষয়ে তিনি জানান, ইসির অনুরোধে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে এই সফর বাতিল করা হয়েছে। কারণ চেয়ারপারসন বের হলে যে জনসমাগম হয়, তাকে নির্বাচনী শো-ডাউন হিসেবে ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ ছিল। এসপি নিয়োগ বা বদলির বিষয়ে বিএনপির প্রভাব খাটানোর অভিযোগকে তিনি রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করে বলেন, লটারির মাধ্যমে নিয়োগে বিএনপির কোনো হাত নেই। এছাড়া ক্ষমতায় গেলে শুধু ‘ফ্যামিলি কার্ড’ নয়, কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালুরও প্রতিশ্রুতি দেন তিনি।

বিকেল ৪টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল। বৈঠকে সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়