News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫২, ১ জানুয়ারি ২০২৬

নতুন বছরে শোষণমুক্ত সমাজের সংকল্প মির্জা ফখরুলের

নতুন বছরে শোষণমুক্ত সমাজের সংকল্প মির্জা ফখরুলের

ফাইল ছবি

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় মির্জা ফখরুল বলেন, নতুন বছর মানেই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন সংকল্পে উজ্জীবিত হওয়া। পুরোনো সব দুঃখ-বেদনা ও ব্যর্থতাকে পেছনে ফেলে আশা ও উদ্দীপনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ তৈরি করে দেয় এই নববর্ষ।

বিএনপি মহাসচিব তার বাণীতে আসন্ন বছরের প্রধান রাজনৈতিক লক্ষ্যের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মানবিক সাম্য, সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্রসমাজ নির্মাণই হবে আমাদের নববর্ষের প্রধান অঙ্গীকার।

তিনি আরও বলেন, বিএনপির মূল লক্ষ্য একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। যেখানে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি ব্যক্তিস্বাধীনতার পূর্ণ গ্যারান্টি নিশ্চিত থাকবে।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধারের পথ এখনো কণ্টকাকীর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথে সামনে আমাদের আরও কঠিন ও কষ্টকর সময় অতিক্রম করতে হতে পারে। রাষ্ট্র ও সমাজে গণতন্ত্রের প্রকৃত চর্চা ও বিকাশ ঘটাতে হলে প্রতিটি নাগরিককে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ভবিষ্যতে যেন আর কোনোভাবেই নিষ্ঠুর ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে, সেজন্য শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। তিনি মনে করেন, প্রতিষ্ঠানগুলো মজবুত না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল থেকে যায়।

বার্তার শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং সার্বিক কল্যাণ সাধনই বিএনপির রাজনীতির মূল দর্শন। অতীতের সফলতা ও ব্যর্থতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে দৃপ্ত পায়ে এগিয়ে যাওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

নতুন বছরটি সবার জীবনে অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনার মধ্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়