News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৮, ৩১ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ স্বামীর পাশে সমাহিত খালেদা জিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ স্বামীর পাশে সমাহিত খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে বুধবার বিকাল ৩টার দিকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। এতে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা—বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। অনেকে যেখানে স্থান পেয়েছেন, সেখান থেকেই জানাজায় শরিক হন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজার ইমামতি করেন।

জানাজার আগে উপস্থিত মুসল্লি ও দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তার মা মরহুমা বেগম খালেদা জিয়া কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে সংশ্লিষ্টদের তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান। সে ক্ষেত্রে তিনি ওই ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন বলেও জানান।

এ ছাড়া খালেদা জিয়ার জীবদ্দশায় কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন: প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানালো সর্বস্তরের মানুষ

জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন দেশের প্রতিনিধিরাও জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। একই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পক্ষ থেকে শোকবার্তা হস্তান্তর করেন।

জানাজা শেষে সংসদ ভবন এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে একটি বিশেষ বাহনে করে মরদেহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির কাছাকাছি পৌঁছানো হয়।

সমাধির নিকটে পৌঁছানোর পর সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা কফিন কাঁধে নিয়ে নির্ধারিত স্থানে নেন। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

দাফনের সময় উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তার কন্যা জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা। পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা ও শোক জানান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়