News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৪, ১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:৩৪, ১ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে শ্রমবাজারের অজুহাতে ঢাকার অস্পষ্ট বিবৃতিতে ক্ষুব্ধ ইরান

মধ্যপ্রাচ্যে শ্রমবাজারের অজুহাতে ঢাকার অস্পষ্ট বিবৃতিতে ক্ষুব্ধ ইরান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও আঞ্চলিক সংকটময় পরিস্থিতিতে ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের দেওয়া সাম্প্রতিক বিবৃতিতে গভীর অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছে তেহরান। ঢাকার ইরান দূতাবাস মনে করে, একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান আরও স্পষ্ট হওয়া এবং ‘আগ্রাসী শক্তির’ বিরুদ্ধে সরাসরি নিন্দা জানানো উচিত ছিল। 

বুধবার (১ এপ্রিল) সকালে রাজধানীর ইরান দূতাবাসে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া জানান ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জাহানাবাদি স্পষ্ট ভাষায় বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। আমাদের প্রত্যাশা ছিল, ভাই হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির ভূমিকার বিরুদ্ধে সুস্পষ্ট নিন্দা জানাবে। কিন্তু দেওয়া বিবৃতিতে সেই স্পষ্টতার অভাব রয়েছে, যা আমাদের জন্য দুঃখজনক। 

তিনি উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতিতে অমুসলিম রাষ্ট্র হয়েও রাশিয়া ও চীন যেখানে সরাসরি নিন্দা জানিয়েছে, সেখানে জাতিসংঘ ও ওআইসি-এর সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভূমিকা আরও জোরালো হতে পারত।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের বিবৃতিতে যুদ্ধের ব্যাপারে কেবল সাধারণ উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা তেহরানের কাছে পর্যাপ্ত মনে হয়নি। 

আরও পড়ুন: হরমুজ প্রণালী পারাপারে অনুমতি পেলো বাংলাদেশের ৬ জাহাজ

স্পেনের মতো ইউরোপীয় দেশ এবং খোদ আমেরিকার অভ্যন্তরে চলমান যুদ্ধবিরোধী বিক্ষোভের উদাহরণ টেনে তিনি বলেন, যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ আসছে, তখন বাংলাদেশের মতো ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে কোনো প্রকার ‘অস্পষ্ট বিবৃতি’ কাম্য নয়। 

তবে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রমবাজারের বিষয়টি তেহরান অনুধাবন করে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই না এমন কিছু হোক যাতে তারা (শ্রমিকরা) কোনো সমস্যায় পড়ুক, কিন্তু যেকোনো আগ্রাসনই আন্তর্জাতিকভাবে নিন্দার যোগ্য।

বাংলাদেশের এই অবস্থানের প্রেক্ষিতে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি বা প্রতিবাদলিপি দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে জলিল রহিমি জাহানাবাদি জানান, আপাতত এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হবে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ হলে তিনি ব্যক্তিগতভাবে তেহরানের এই উদ্বেগের জায়গাটি এবং প্রত্যাশার বিষয়টি বিশদভাবে উত্থাপন করবেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, আগামীতে বাংলাদেশ কোনো দ্ব্যর্থবোধক অবস্থান না নিয়ে বন্ধুপ্রতিম দেশ হিসেবে ইরানের পাশে সুদৃঢ়ভাবে দাঁড়াবে। তিনি দুই দেশের সম্পর্ককে আরও মসৃণ ও ঘনিষ্ঠ করার ওপর জোর দিয়ে বলেন, সংকটকালীন সময়ে মিত্র দেশগুলোর কাছ থেকে ইরান কেবল মৌখিক সহানুভূতি নয়, বরং আন্তর্জাতিক ফোরামে জোরালো কূটনৈতিক অবস্থান প্রত্যাশা করে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়