News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৩, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৫১, ৩০ মার্চ ২০২৬

হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ, এপ্রিলেই আসছে টিকা: স্বাস্থ্যমন্ত্রী

হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ, এপ্রিলেই আসছে টিকা: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে হামের (মিজেলস) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা জোরদার করেছে সরকার। এ পরিস্থিতি মোকাবিলায় টিকা ক্রয়ের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের সংক্রমণ হঠাৎ বাড়লেও সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়েছে। জরুরি ভিত্তিতে আইসিইউ চালু, ভেন্টিলেটর সরবরাহ এবং বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুতের কাজ চলছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা একটি আইসিইউ ইউনিট মাত্র ১৮ ঘণ্টার মধ্যে পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি মানিকগঞ্জ ও রাজশাহীতে নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ২০১৮ সালের পর বড় কোনো হামের টিকাদান কর্মসূচি না হওয়ায় অনেক শিশু টিকার বাইরে রয়ে গেছে। ফলে তাদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে টিকা ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং ইউনিসেফকে অর্থ পরিশোধ করা হয়েছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই টিকা দেশে আসা শুরু হতে পারে এবং সঙ্গে সঙ্গে টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের টিকা নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আরও পড়ুন: ৩০ এপ্রিল শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, টিকা দ্রুত দেশে আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

এদিকে, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়