৩০ এপ্রিল শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
দেশব্যাপী নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, সিলেট থেকে এ কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে সারাদেশে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের নতুন যাত্রা শুরু হবে।
সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি শুরু হয়েছিল, যা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এটি পুনরায় চালু হয়েছে। এবার ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ভিন্ন আঙ্গিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি একটি প্রতিষ্ঠিত পেশা। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি তেলের অবৈধ মজুতকারীকে ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার
তারেক রহমান জানান, খেলোয়াড়রা যেন নিজেদের পছন্দের খেলাকে পেশা হিসেবে নিতে পারেন এবং আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








