ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক
ছবি: সংগৃহীত
প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে অত্যন্ত কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা খাতের মৌলিক নীতি নির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়ন এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত পৃথক দুটি বৈঠকে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার উপায় আলোচনা করা হয়। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের কাছে সরাসরি খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিকভাবে দেশের ১৩টি উপজেলার ১৩টি নির্বাচিত ওয়ার্ডে কার্ড বিতরণের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: মশক নিধন ও পরিচ্ছন্নতায় সিটি প্রশাসকদের আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
নির্বাচিত এলাকাগুলো হলো: ঢাকার বনানীর কড়াইল বস্তি, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ।
এ দিন প্রধানমন্ত্রী সচিবালয়ে সকাল ৯টায় প্রবেশ করে প্রশাসনিক কার্যক্রম শুরু করেন। দিনের শুরুতেই তিনি দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত একটি বিশেষ বৈঠকে অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া নীতি নির্ধারণী বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, আইন মন্ত্রী এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকের মাধ্যমে বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক কনটেইনার টার্মিনাল পরিচালনার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চালানো হয়।
প্রধানমন্ত্রীর সরাসরি তদারকিতে এবং প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নতুন গতির সঞ্চার হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই বৈঠক থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








