News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

মশক নিধন ও পরিচ্ছন্নতায় সিটি প্রশাসকদের আল্টিমেটাম প্রধানমন্ত্রীর

মশক নিধন ও পরিচ্ছন্নতায় সিটি প্রশাসকদের আল্টিমেটাম প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

দেশের সিটি কর্পোরেশনগুলোতে নবনিযুক্ত প্রশাসকদের আগামী ৬ মাসের মধ্যে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নবনিযুক্ত ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন। 

এর আগে প্রশাসকরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

সাক্ষাৎ শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম সাংবাদিকদের জানান, দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিবাদমুক্ত পরিবেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিগত শাসনামলে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অকার্যকর ছিল এবং দলীয়করণের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনসেবা নিশ্চিত করার পরিবর্তে একটি বিশেষ রাজনৈতিক দলকে টিকিয়ে রাখতেই প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। বর্তমান সরকার জনগণের হারিয়ে যাওয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নাগরিক ভোগান্তি লাঘবকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জনগণের যেসব সমস্যা বা দাবি সরকারের কান পর্যন্ত পৌঁছায়নি, সেগুলো মাঠ পর্যায়ে থেকে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুন: ‘স্থানীয় সরকার সচল করতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে’

সিলেটের প্রশাসক এম এ কাইয়ুম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ (সবুজ ও পরিচ্ছন্ন শহর) ধারণাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে মশক নিধন, নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ব্যাপক হারে বৃক্ষরোপণ নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে একটি দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে তিনি প্রশাসকদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নিজেই সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি দেখতে বিভিন্ন এলাকা এবং উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।

সামনে পবিত্র রমজান ও ঈদুল ফিতর থাকায় জনভোগান্তি যেন কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। 

প্রশাসকরা জানিয়েছেন, নাগরিক সেবাকে স্বচ্ছ ও সুন্দর করতে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। জনস্বাস্থ্য রক্ষায় মশা নিধন এবং নাগরিক সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণই এখন তাদের মূল লক্ষ্য। স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা একটি স্মার্ট ও জবাবদিহিমূলক নগর প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়