জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই
ছবি: সংগৃহীত
পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি মারা যান।
সাংবাদিক সালিম সামাদ কর্মজীবনে তিনি বহু সম্মাননা অর্জন করেছেন। ইউএসএআইডি, ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং দুবাই কেয়ার্সসহ বহু আন্তর্জাতিক সংস্থার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি কাজ করেছেন।
দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতায় তার ছিল ৩৫ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা। তিনি সংঘাত, নিরাপত্তা, জোরপূর্বক অভিবাসন, ইসলামিক জিহাদ, সুশাসন, নির্বাচনী গণতন্ত্র এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছেন।
আরও পড়ুন: ২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
১৯৯১ সালে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট শহরের সাংবাদিকদের সংবেদনশীল করে তুলতে কর্মশালা আয়োজনের মাধ্যমে পথ প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তাকে অশোকা ফেলোশিপ প্রদান করা হয়।
তিনি দ্য ডেইলি অবজারভার, এশিয়ান এজসহ বিভিন্ন প্রথম সারির সংবাদমাধ্যমে কাজ করেছেন। এছাড়া 'ফোরাম ফর ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাংলাদেশ' (FExB) এর জেনারেল সেক্রেটারি ছিলেন।
সালিম সামাদ নিউ ইয়র্ক ভিত্তিক হেলম্যান-হ্যালেট (Hellman-Hammett) অ্যাওয়ার্ড (২০০৫) এবং ওয়াশিংটন ভিত্তিক অশোকা ফেলোশিপ (১৯৯১-১৯৯৪) সহ অনেক আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








