সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের চতুর্থ কার্যদিবসে আজ সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি অনুযায়ী তিনি সকাল ১০টায় দফতরে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। একই দিন বেলা ১১টায় সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান দেশের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেন। পরদিন তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শেরেবাংলা নগরে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র কবর জিয়ারত করেন। এরপর সচিবালয়ে প্রথম দফায় অফিস করেন তিনি।
আরও পড়ুন: ২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
১৯ ফেব্রুয়ারিতেও সচিবালয়ে দাফতরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী। মাঝে শুক্রবার সরকারি ছুটি থাকলেও সর্বশেষ শনিবার ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে অফিস করেন তিনি। প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে ছুটির দিনেও দাফতরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








