একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএমপি কমিশনার। ছবি: সংগৃহীত
একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কমিশনার জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিট থেকে সকল স্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করা হবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারিও থাকবে। নিরাপত্তার কোনো আশঙ্কা নেই। এছাড়া সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে তিনি নির্দিষ্ট সড়ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন। পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং শহীদ মিনার রোড ব্যবহার করতে হবে, অন্য কোনো রোড দিয়ে প্রবেশ করা যাবে না। শ্রদ্ধা নিবেদনের পর দোয়েল চত্বর বা চাঁনখানপুল দিয়ে বের হতে হবে।
আরও পড়ুন: শহীদে মিনারে যেতে যেসব সড়ক ব্যবহারের নির্দেশ দিল ডিএমপি
ডিএমপি কমিশনার আরও বলেন, শহীদ মিনারে কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন না করারও অনুরোধ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








