News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। 

দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত দপ্তরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ উপস্থিত হন। প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) এক সংক্ষিপ্ত বার্তায় এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি ছিল নবগঠিত সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের একটি সৌজন্য সাক্ষাৎ। তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি সম্পর্কে দাপ্তরিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর আজ দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান। এদিন সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। 

আরও পড়ুন: জুয়া-মাদক নির্মূলে জিরো টলারেন্স, আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কঠোর

জানা গেছে, ফ্যামিলি কার্ড বিতরণ ও এর ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আজ তার সভাপতিত্ব করার কথা রয়েছে। সাধারণ মানুষের জন্য টিসিবির সেবার পরিধি ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা এবং সচিব পর্যায়ের প্রায় সব গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর এই প্রথা ভেঙে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তার নেতৃত্বেই নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকটি সচিবালয়ে অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের মাধ্যমেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। ওই সভায় তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নবনিযুক্ত সদস্যদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। শপথের পরদিন থেকেই পূর্ণ উদ্যমে রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করেছে নতুন এই মন্ত্রিসভা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়