News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশে তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল জনতা কর্তৃক আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আর সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে মব কালচারের দিন শেষ। দাবি-দাওয়া থাকলে তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপন করতে হবে, কিন্তু মহাসড়ক অবরোধ বা যেকোনো মব আকারের কর্মকাণ্ড আর সহ্য করা হবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মিছিল ও সমাবেশ করা যাবে, গণতান্ত্রিক সংস্কৃতিও অব্যাহত থাকবে। তবে দাবি আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ করা যাবে না। মব কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা হবে না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই সাধারণ মানুষ পুলিশের কথা জানে। তবে এখানে আরও অন্যান্য সংস্থা আছে, যা জনগণ কম জানে। তিনি নির্দেশ দিয়েছেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হবে এবং আগে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে।

আরও পড়ুন: ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনায় নতুন মন্ত্রিসভা

মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি উল্লেখ করেন, সবার দায়বদ্ধতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির চলবে না। বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় টোটালি করাপশন ফ্রি হোক। যেকোনো অবৈধ কর্মকাণ্ডে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় থাকবে। যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ, স্মারকলিপি দেওয়া সম্ভব। তবে মব কালচার এবং সড়ক-অবরোধ গ্রহণযোগ্য নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী মন্ত্রণালয়ে প্রবেশের সময় ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী আরও বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানানো হবে এবং যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা রিগেইন করতে হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশের স্বরাষ্ট্র প্রশাসনকে দুর্নীতি মুক্ত, জবাবদিহি সম্পন্ন এবং জনমুখী করা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়