কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ভাষণ প্রদান করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারসহ প্রেস উইং সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বক্তব্য শেষে নোবেল বিজয়ী এই ব্যক্তিত্ব তার কার্যালয়ে কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সৌজন্য ফটোসেশনে অংশ নেন। এর মধ্য দিয়ে দীর্ঘ মেয়াদের দায়িত্ব পালন শেষে এক আবেগঘন পরিবেশে সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন তিনি।
আরও পড়ুন: দেড় বছরে একদিনও গণমাধ্যমের মুখোমুখি হননি প্রধান উপদেষ্টা
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেছিল। দীর্ঘ পথপরিক্রমায় রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচন আয়োজনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই সরকারের মেয়াদের অবসান হতে যাচ্ছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোট গণনা সম্পন্ন হওয়ার পর এখন নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামীকাল সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। পরবর্তীতে বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হবে। ড. ইউনূসের হাত ধরে শুরু হওয়া এই বিশেষ শাসনকালটি গণতান্ত্রিক ধারায় ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পূর্ণতা পাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








