প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ
ছবি: নিউজবাংলাদেশ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং রাষ্ট্রীয় স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জনসম্মুখে আনা হয়।
এই বিবরণীতে উপদেষ্টাদের পাশাপাশি তাদের স্ত্রী বা স্বামীদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নীতিমালা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। এই তালিকায় উপদেষ্টাদের নিজস্ব সম্পদের পাশাপাশি তাদের স্বামী বা স্ত্রীর সম্পদের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ৩০ জুন ২০২৫ পর্যন্ত ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা, যা এক বছর আগে ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা ছিল। অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা। সম্পদের বৃদ্ধি মূলত সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানত বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদির কারণে হয়েছে।
প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের মোট পরিসম্পদ এক বছর আগে দুই কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা থেকে বর্তমানে এক কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকায় এসেছে। এতে এক বছরের মধ্যে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।
আরও পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা
আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার মালিকানাধীন স্থাবর-অস্থাবর, আর্থিক ও মূলধনী সম্পত্তির সমষ্টি হলো পরিসম্পদ।
২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে।
তিনি উল্লেখ করেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। পর্যায়ক্রমে সরকারি সকল কর্মকর্তার ক্ষেত্রেও এটি নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতিত হওয়ার পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ ও সংযোজন-বিয়োজনের মাধ্যমে উপদেষ্টা পরিষদের বর্তমান সদস্য সংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১।
এছাড়া উপদেষ্টা পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চারজন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় চারজন বিশেষ সহকারী এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানও দায়িত্ব পালন করছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশিত তালিকায় সাবেক উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সকল উপদেষ্টার সম্পদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকা ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের অর্জিত সম্পদের তুলনামূলক চিত্র তুলে ধরেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








