সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস ইসির
ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন নিয়ে সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে কমিশনের পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে। এর ফলে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের দীর্ঘদিনের চর্চা বজায় থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর আগে রবিবার নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ার ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত জানায় ইসি। এ সংক্রান্ত একটি চিঠি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সইয়ে সারাদেশের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়।
আরও পড়ুন: মোবাইল ফোন নিষেধাজ্ঞায় অস্পষ্টতা দেখছেন খোদ ইসি মাসউদ
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে শুধুমাত্র ‘নির্বাচন সুরক্ষা-২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। এ ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
তবে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








