News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর চুক্তি স্বাক্ষর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকার সেনানিবাসে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে এই গুরুত্বপূর্ণ চুক্তিটি সই হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি সাইদা শিনিচি। 

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তি স্বাক্ষরের দিনই এটি কার্যকর হয়েছে।

চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের জন্য একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো তৈরি করা হয়েছে। এই কাঠামোতে প্রতিটি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় অনুমোদন, যাচাই ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া, হস্তান্তরিত সরঞ্জাম ও প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে মৌলিক নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তৃতীয় পক্ষের কাছে এগুলো হস্তান্তর বা নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ‘চলমান প্রক্রিয়া’

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার হবে। একইসঙ্গে এটি জাপানের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ও প্রযুক্তিগত সক্ষমতা বজায় রাখতে ও উন্নয়নে সহায়ক হবে, যা দেশটির জাতীয় নিরাপত্তা জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সশস্ত্র বাহিনী বিভাগের সূত্রে জানানো হয়েছে, ২০২৩ সাল থেকে দুই দেশের নিবিড় ও ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ এই চুক্তি সম্ভব হয়েছে। চুক্তিটি দুই দেশের মধ্যে গভীর পারস্পরিক আস্থা, সমন্বিত দৃষ্টি ও সহযোগিতার প্রতিফলন। বিশেষ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে যৌথভাবে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নে এই সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। চুক্তিটি জাতিসংঘ সনদের নীতির সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে সম্পাদিত হয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ এবং যৌথ গবেষণা ও উন্নয়নের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঐতিহাসিক চুক্তি দুই দেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞ বিনিময় বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ায় কৌশলগত অংশীদারিত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতায় এর প্রভাব ইতিবাচক হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়