News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

শেষ মুহূর্তে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ‘চলমান প্রক্রিয়া’

শেষ মুহূর্তে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ‘চলমান প্রক্রিয়া’

ফাইল ছবি

মেয়াদের শেষ পর্যায়ে এসে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। 

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব উদ্যোগকে একটি ‘চলমান প্রক্রিয়ার অংশ’ হিসেবে অভিহিত করেন। 

এর আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা ও চূড়ান্তকরণের প্রক্রিয়া এখনও চলমান। পরবর্তী সরকার যদি এই প্রক্রিয়াগুলো এগিয়ে না নেন, তাতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কী প্রভাব হবে- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি অনুমাননির্ভর।’

সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে যুক্ত করার বিষয়েও প্রশ্ন করা হয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী কোনো দেশের নিরাপত্তা উপদেষ্টা সরাসরি বিমান সংস্থার পরিচালনা পর্ষদে থাকেন না- এমন সমালোচনার জবাবে ড. খলিল বলেন, ‘দুনিয়ার সব দেশে উড়োজাহাজ প্রতিষ্ঠান নেই।’

আরও পড়ুন: প্রশাসনের একপাক্ষিক আচরণের অভিযোগ রাজনৈতিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে। সরকার প্রতিষ্ঠার মূল অগ্রাধিকার ছিল রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, জুলাই হত্যার বিচার ও জাতীয় নির্বাচন। তবে অগ্রাধিকারের বাইরে গিয়ে প্রতিরক্ষা খাতে কার্যক্রম গ্রহণের কারণে কিছু সমালোচনাও দেখা দিয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রকল্প হাতে নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চীনের সঙ্গে ড্রোন কারখানা তৈরির সরকারি পর্যায়ের জি-টু-জি চুক্তি, পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয়, চীনের জে-১০ সিই যুদ্ধবিমান কেনা, ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সংগ্রহ, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন, তুরস্ক থেকে টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার ও যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার ক্রয়। এছাড়া ৬৫০ কোটি টাকায় যুদ্ধজাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বৃদ্ধি করার কাজও অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সম্পন্ন হচ্ছে।

সর্বশেষ, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাপানের সঙ্গে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি সইয়ের চেষ্টা চলছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়