জাতীয় নির্বাচন সামনে রেখে ৮ বিভাগে ৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৮ বিভাগে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী তাদের নির্ধারিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।
পদায়নপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার নিজ নিজ এলাকার চাহিদা অনুযায়ী পদায়ন করবেন। পদায়নের পর তারা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং কর্মকর্তার কাছে যোগদান করবেন।
আরও পড়ুন: প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে ইসির আহ্বান
এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত রাখতে হবে এবং প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








