News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৪, ১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে ৩.০ ও ইরানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশে ৩.০ ও ইরানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ফাইল ছবি

বাংলাদেশে ৩.০ মাত্রার একটি মৃদু কম্পন অনুভূত হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ৫.৩ মাত্রার মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, কোনো দেশেই বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রবিবার (০১ ফেব্রুয়ারি) ভোর ও সকালে পৃথক সময়ে বাংলাদেশ এবং ইরানে ভিন্ন ভিন্ন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিট ৩২ সেকেন্ডে বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে এবং অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে। এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও সৃষ্টি হয়নি।

ভূমিকম্পবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ভলকানো ডিসকাভারি জানিয়েছে, উৎপত্তিস্থল তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পন অনুভূত হলেও তা মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে প্রভাবিত করেনি। বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে ভারতীয়, ইউরেশীয় ও বার্মা প্লেট। 

আরও পড়ুন: ১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট, কাঁপলো পাকিস্তানেও

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় প্লেট প্রতি বছর প্রায় ৬ সেন্টিমিটার উত্তর-পূর্ব দিকে এবং ইউরেশীয় প্লেট প্রতি বছর ২ সেন্টিমিটার উত্তর দিকে সরছে। এর ফলে দেশের বেশ কয়েকটি ফল্ট লাইন যেমন বগুড়া, ত্রিপুরা, শিলং মালভূমি, ডাউকি ও আসাম ফল্ট ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে। বাংলাদেশকে মোট ১৩টি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ভাগ করা হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের জৈন্তাপুর অঞ্চলের ঝুঁকি সর্বাধিক।

রাজধানী ঢাকা বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। প্রতি বর্গকিলোমিটারে ৩০ হাজারের বেশি মানুষের বসবাসের কারণে শহরটিকে বিশ্বের ২০টি ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি, জনসচেতনতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।

একই দিনে, ইরানের ফার্স প্রদেশের মোহর জেলার স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে। 
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উৎপত্তিস্থলের কাছাকাছি বেশিরভাগ মানুষ কম্পন অনুভব করেছেন। যদিও আঘাত তুলনামূলকভাবে শক্তিশালী হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৫.৩ মাত্রার ভূমিকম্পের কারণে শেলফ থেকে জিনিসপত্র পড়া বা জানালা ভাঙার মতো ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ, ইরান ও আফগানিস্তানের ভূমিকম্প সম্পর্কিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ৩.০ থেকে ৫.৩ মাত্রার কম্পন সাধারণত মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে সীমিতভাবে প্রভাবিত করে। তবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারী জনগণকে ঝুঁকি মোকাবেলায় সচেতন থাকা এবং প্রাত্যাহিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়াই প্রধান দিক।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়