১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট, কাঁপলো পাকিস্তানেও
ফাইল ছবি
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোট জেলায় মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৯ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, একই সময়ে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানসহ পাশ্ববর্তী দেশগুলো। তবে দুই দেশের কোথাও এখন পর্যন্ত কোনো বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের গুজরাট প্রদেশের রাজকোট জেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের আবহাওয়া বিভাগের তথ্যমতে, বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম মৃদু কম্পনটি অনুভূত হয়। এরপর শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিট পর্যন্ত আরও আটবার ভূকম্পন রেকর্ড করা হয়। অর্থাৎ মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে মোট ৯ বার কেঁপে ওঠে রাজকোট।
রিখটার স্কেলে এই কম্পনগুলোর সর্বোচ্চ মাত্রা ছিল ৩.৮ এবং সর্বনিম্ন ২.৯। বিশেষজ্ঞরা এই কম্পনগুলোকে ‘মাইক্রো’ বা ‘মাইনর’ শ্রেণিভুক্ত করেছেন। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দূরে, যা ভূমিকম্পপ্রবণ কচ্ছ অঞ্চলের অন্তর্ভুক্ত।
গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত ৪ মাত্রার নিচে কম্পন হলে উদ্বেগের কারণ থাকে না। তবে এত অল্প সময়ে কেন বারবার ভূকম্পন হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে তারা মনে করছেন। কারণ, রাজকোট কোনো সুনির্দিষ্ট চ্যুতিরেখা বা ফল্ট লাইনের ওপর অবস্থিত নয়।
আরও পড়ুন: দেশে আবারও ভূমিকম্প অনুভূত
শুক্রবার ভোরে পাকিস্তানে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, তাজিকিস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের প্রভাব শুধু পাকিস্তানেই নয়, বরং তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানেও অনুভূত হয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের (অ্যারাবিয়ান, ইউরেশীয় এবং ভারতীয়) সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। এর আগে ২০২৫ সালের অক্টোবর ও সেপ্টেম্বরেও দেশটিতে যথাক্রমে ৩.২ ও ৫.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।
গুজরাটের রাজকোটের বাসিন্দারা জানিয়েছেন, তারা আগে কখনো এত অল্প সময়ের ব্যবধানে বারবার ভূমিকম্পের অভিজ্ঞতা পাননি। আতঙ্কে অনেক এলাকায় মধ্যরাতেই মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন এবং খোলা আকাশের নিচে অবস্থান নেন। অনেক জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবন খালি করে দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার কম্পন হলেও এখন পর্যন্ত রাজকোট বা পাকিস্তানের কোনো এলাকায় প্রাণহানি বা বড় কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। আবহাওয়া ও সিসমোলজিক্যাল বিভাগগুলো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








