News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১২, ৩০ জানুয়ারি ২০২৬

জাতিসংঘ শান্তি কমিশনের সহ‑সভাপতি নির্বাচিত বাংলাদেশ

জাতিসংঘ শান্তি কমিশনের সহ‑সভাপতি নির্বাচিত বাংলাদেশ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ‑সভাপতির দায়িত্বে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

পিবিসির পাঁচ সদস্যবিশিষ্ট নতুন ব্যুরো নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে বাংলাদেশ এই দায়িত্ব লাভ করে। কমিশনের ২০তম অধিবেশনে মরক্কো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। বাংলাদেশের পাশাপাশি সহ-সভাপতি হিসেবে আরও নির্বাচিত হয়েছে জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া।

শান্তি বিনির্মাণ কমিশন (পিবিসি) একটি শক্তিশালী আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা। এর মূল লক্ষ্য হলো বিশ্বের সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি স্থাপনে সহায়তা করা এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে ভূমিকা রাখা।

গঠন প্রক্রিয়া: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে নির্বাচিত সদস্যসহ জাতিসংঘে শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর সমন্বয়ে মোট ৩১টি রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত।

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও মেয়াদ বৃদ্ধির গুঞ্জন ভিত্তিহীন

বাংলাদেশের ইতিহাস: ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সক্রিয় সদস্য। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ অত্যন্ত সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করেছে। এছাড়া ২০১৩ ও ২০২৩ সালেও সহ-সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে দেশটির।

পিবিসির ২০তম অধিবেশনের উদ্বোধনী সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের চিফ অব স্টাফ উপস্থিত থেকে কমিশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের ওপর আস্থা রাখায় আমরা সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞ। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের শান্তি বিনির্মাণ প্রচেষ্টায় বাংলাদেশ তার অঙ্গীকার ও কার্যকর ভূমিকা অব্যাহত রাখবে।

বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও সংকটের মাঝে শান্তি বিনির্মাণ কমিশনের ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিচার প্রক্রিয়ার মতো ইস্যুতে বাংলাদেশের এই শক্তিশালী অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে দেশটির কূটনীতিকে আরও জোরালো করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়