এক যুগ পর আকাশপথে যুক্ত হলো ঢাকা-করাচি
ফাইল ছবি
দীর্ঘ ১২ বছরের বিরতি কাটিয়ে অবশেষে পুনরায় চালু হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইট বিজি-৩৪১ করাচির উদ্দেশ্যে যাত্রা করার মাধ্যমে এই নতুন অধ্যায়ের সূচনা হয়।
এই উপলক্ষ্যে বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।
এছাড়া বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার এবং বেবি চপ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. সাফিকুর রহমান।
আরও পড়ুন: ১৪ বছর পর সরাসরি ঢাকা-করাচি ফ্লাইট চালু বৃহস্পতিবার
এছাড়া মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই রুট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হলো। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ফ্লাইট চালু হওয়ার ফলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে এবং সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে।
বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ ২৯ জানুয়ারি রাত ৮টায় ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং একই দিন স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে। উদ্বোধনী এই ফ্লাইটে মোট ১৫০ জন যাত্রী ভ্রমণ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ২৯ জানুয়ারি থেকে শীতকালীন সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে এবং একই দিন করাচি থেকে ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








