১৪ বছর পর সরাসরি ঢাকা-করাচি ফ্লাইট চালু বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৪ বছর পর বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ট্রানজিট না থাকার কারণে ভ্রমণে সময় কমবে এবং যাত্রীরা সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। আপাতত সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শনিবার বিমান বাংলাদেশ এই ফ্লাইট পরিচালনা করবে।
নন-স্টপ ফ্লাইটের মাধ্যমে ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল পথ যাত্রা করবে ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ। প্রথম ফ্লাইটেই যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটের সব সিট বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটের সিটও ৮০ শতাংশের বেশি বিক্রি হয়েছে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীরা ট্রানজিট ঝামেলা ছাড়া মাত্র তিন ঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারবেন।
যাত্রীরা উচ্ছ্বসিত হয়ে বলেন, পাকিস্তানটা কেমন সেটা দেখার স্বপ্ন অনেকেরই ছিল। বিমান চলাচলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনরায় চালু হলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও উন্নতি হবে।
প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পাকিস্তান প্রতিবছর পর্যটন খাত থেকে ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, ঢাকা-করাচি রুট শুধু যাত্রী পরিবহনেই লাভজনক হবে না, বরং কার্গো পরিবহন ও বাণিজ্যিকভাবে বড় সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি দুই দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কও আরও শক্তিশালী হবে।
আরও পড়ুন: উত্তরার ত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে: তারেক রহমান
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা-করাচি রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। এতদিন যাত্রীদের দুবাই, দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। নতুন ব্যবস্থায় রাউন্ড ট্রিপে ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব, যার ফলে সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করা যাবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








