পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন প্রশাসনের ১১৮ কর্মকর্তা
ছবি: সংগৃহীত
প্রশাসনের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন। পদোন্নতি পাওয়া সব কর্মকর্তাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তাকে বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। যোগদানপত্র জনপ্রশাসন সচিবের কাছে সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নতর তথ্য পাওয়া গেলে, সে ক্ষেত্রে এই আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করা হতে পারে।
বর্তমানে দেশে ২৮৫ জন অতিরিক্ত সচিব রয়েছেন। নতুন করে ১১৮ জন পদোন্নতি পাওয়ায় অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৪০৩ জন। তবে অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা মাত্র ২১২টি হওয়ায়, পদোন্নতি পাওয়া বেশিরভাগ কর্মকর্তাকে আগের পদেই (ইনসিটু) দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আরও পড়ুন: আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ২০তম ব্যাচের কর্মকর্তাদের এই পদোন্নতির ক্ষেত্রে অনেক যোগ্য ও দক্ষ কর্মকর্তা এবারও বাদ পড়েছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের একটি বড় অংশ এই তালিকায় স্থান পাননি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








