আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতে ইতিবাচক ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)-এ বাংলাদেশের অংশগ্রহণ ও কূটনৈতিক অর্জন তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে ওয়াশিংটন অত্যন্ত আন্তরিক। খুব শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বহাল থাকা ২০ শতাংশ শুল্ক কতটা কমানো হবে, সে বিষয়ে আলোচনা এখনও চলমান।
দাভোসে ডব্লিউইএফ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অশুল্কনীতি ও নীতিগত অগ্রাধিকারগুলোর অনেক বিষয়ই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যঘাটতি ছিল, তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এসব ইতিবাচক দিক বিবেচনায় নিয়েই যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধা কমাতে আগ্রহ দেখাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোকপাত করেন বিশেষ দূত। তিনি জানান, ইইউ কমিশনার রোক্সানা মিনজাতু ও জোজেফ সিকেলার সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
লুৎফে সিদ্দিকী বলেন, ইইউর সঙ্গে এফটিএ স্বাক্ষরে বাংলাদেশের প্রবল আগ্রহের কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। ইইউ পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, তবে তাদের প্রশাসনিক প্রক্রিয়া সময়সাপেক্ষ।
আরও পড়ুন: নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকার আশ্বাস আইজিপির
তিনি আরও বলেন, বর্তমানে ইইউ ভারত ও ভিয়েতনামের সঙ্গে এফটিএ নিয়ে কাজ করছে, যা বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে এসব আলোচনা সচল রাখা এবং ভবিষ্যৎ সরকারের জন্য বিস্তারিত নোট ও প্রস্তুতি রেখে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ডব্লিউইএফ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী ও কার্যকর উপস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি এবং কূটনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








