News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৫, ২৬ জানুয়ারি ২০২৬

নির্বাচন ও গণভোটে নিরপেক্ষ ভূমিকার নির্দেশ প্রধান উপদেষ্টার

নির্বাচন ও গণভোটে নিরপেক্ষ ভূমিকার নির্দেশ প্রধান উপদেষ্টার

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান অভ্যর্থনা জানান।

সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখায় সশস্ত্র বাহিনীর অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন: ভোটে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আছে: ইসি সচিব

তিনি সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কিছু ক্ষেত্রে গণমাধ্যম ব্যক্তিরাও সভায় উপস্থিত ছিলেন বলে জানানো হয়।

আইএসপিআর জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং সাংবিধানিক দায়িত্ব পালনে বাহিনীগুলোর পেশাদার আচরণ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়