ভোটে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আছে: ইসি সচিব
ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। আর লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা অভিযোগ করতে পারছেন এবং নির্বিঘ্নে প্রচার চালাতে পারছেন। যদি তা না থাকত, তাহলে এসব সম্ভব হতো না।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন নির্ভার কি না- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “আপনারাই তো আমাদের চোখ ও কান। কোনো অভিযোগ থাকলে রিটার্নিং অফিসারের নজরে আনবেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে জানাবেন এবং আমাদের কাছেও কপি দেবেন। আমি বিষয়টি ফলো করব।”
বিদেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, প্রবাসীদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটে আচরণবিধি লঙ্ঘনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির নিজের।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
তিনি আরও জানান, দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ কার্যক্রম সোমবার থেকেই শুরু হয়েছে। তবে কোনো প্রবাসী দেশে এসে তার পোস্টাল ব্যালটের ভোট পাঠালে সেটি গ্রহণযোগ্য হবে না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








