ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ফাইল ছবি
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম তাকে তলব করেন। এই তথ্য নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, প্রণয় ভার্মাকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় অন্তত ছয়বার প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
এর আগে ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। ওই তলবের সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতের ভূখণ্ডে পালানোর বিষয়ে প্রতিরোধ ও সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে উদ্বেগ প্রকাশ করা হয়।
আরও পড়ুন: নির্ধারিত সময়েই নির্বাচন হবে, যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত সরকার: ড. ইউনূস
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








