News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৬, ২১ ডিসেম্বর ২০২৫

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ শান্তিরক্ষী সেনার জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সুদানে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি ৬ সেনাসদস্যের জানাজা সম্পন্ন হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত সেনাসদস্যরা হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা (এএসসি, নাটোর), সৈনিক শামীম রেজা (বীর, রাজবাড়ী), সৈনিক মো. মমিনুল ইসলাম (বীর, কুড়িগ্রাম), সৈনিক শান্ত মণ্ডল (বীর, কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আইএসপিআর জানায়, জানাজার আগে নিহত সেনাসদস্যদের জীবনবৃত্তান্ত পাঠ করা হয়। জানাজা শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং পরে তিন বাহিনীর প্রধানরা নিহত ছয় সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে নিহত সেনাসদস্যদের মরদেহ ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।

আরও পড়ুন: এ কে খন্দকারের জানাজা রবিবার, অংশ নেবেন প্রধান উপদেষ্টা

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী সেনাসদস্য শহীদ হন। ওই হামলায় আহত ৯ জনের সবাই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তাদের মধ্যে ৮ জন কেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়