সব বাংলাদেশির বুকে শরিফ ওসমান হাদি আছেন: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব বাংলাদেশির বুকে শরিফ ওসমান হাদি আছেন।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা-পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আজ আমরা এখানে হাদিকে বিদায় দিতে আসিনি। আমাদের সবার বুকে হাদি থাকবে।”
এর আগে এদিন সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়। পরে তার মরদেহ আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি মিছিলের মাধ্যমে মরদেহ আনা হয় মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। বেলা একটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আশপাশের এলাকাগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। এ সময় তারা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’-এমন নানা স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।
আরও পড়ুন: জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ওসমান হাদি
জানাজার নামাজ পরিচালনা করবেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








