News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ২০ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রয়টার্সের ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর)নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।

ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে উত্তেজনা বাড়ছে। এ প্রেক্ষাপটে তিনি সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে উত্তেজনা প্রশমিত করতে এবং সহিংসতা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের ওপর জোর দেন তিনি, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে।

এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটি বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানায়।

জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত।

আরও পড়ুন: হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন ওসমান হাদি। মানবাধিকার কমিশনার বলেন, প্রতিশোধ কেবল বিভেদ আরও গভীর করবে এবং সকলের অধিকার ক্ষুণ্ন করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়