বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষা করছে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক ও নারী ও শিশু পাচার ঠেকাতে বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করছে।
শনিবার (২০ ডিসেম্বর) ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস–২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা এবং জরুরি পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় বিজিবির ভূমিকা প্রশংসার দাবি রাখে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সীমান্তে উদ্ভূত চ্যালেঞ্জ ও উত্তেজনা মোকাবিলায় বিজিবি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহিনী। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর দুইজন বীরশ্রেষ্ঠসহ ১১৯ জন সদস্যের বীরত্বপূর্ণ অবদান এবং ৮১৭ জন শহীদের আত্মত্যাগ বিজিবির ইতিহাসকে উজ্জ্বল করেছে।
আরও পড়ুন: হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
ড. ইউনূস মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সময়ে দেশের কল্যাণে জীবন উৎসর্গকারী সদস্যদের আত্মার শান্তি কামনা করেন এবং বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








