সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
ফাইল ছবি
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিসংযোগ, জানমাল ধ্বংস ও সহিংসতার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
একই সঙ্গে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক ও প্রতিরোধমূলক অবস্থান নেওয়ার জন্য দেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিটি প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহ্বান জানানো হচ্ছে—সংঘটিত সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। সরকার সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়।
সরকারের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি করে এবং শান্তির পথকে উপেক্ষা করে—এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না এবং দেওয়া হবে না।
আরও পড়ুন: প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
অন্তর্বর্তী সরকার জানায়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; বরং এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছিলেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণাকে প্রত্যাখ্যান করার প্রতি অবিচল অঙ্গীকার জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে সরকার জানায়, সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজ–এর সাংবাদিকদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়—সরকার আপনাদের পাশে রয়েছে। আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সরকার সাংবাদিকদের পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দেয়।
এদিকে, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকার জানায়, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
বিবৃতির শেষাংশে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে সরকার বলে, এই সংকটময় মুহূর্তে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








