News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ১৯ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় উত্তেজিত জনতার হামলায় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার পর পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে রয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করে।

আরও পড়ুন: হাদির হত্যাকারীদের হাতে দেশ তুলে না দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের

টেলিফোনে আলাপকালে তিনি সম্পাদকদের আশ্বস্ত করে বলেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

এছাড়া খুব শিগগিরই পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার আগ্রহও প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়