প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি
ছবি: সংগৃহীত
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুর ২টার আগেই নির্বাচন কমিশন থেকে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। সাধারণত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী সিইসি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এবার সিইসি তার সচিবকে সঙ্গে নিয়ে একাই বৈঠকে অংশ নেন।
সূত্র জানায়, সীমানা সংক্রান্ত মামলা, তফসিল ঘোষণার পর রিটের কারণে নির্বাচনী কাজে বিঘ্ন না ঘটানো, এবং নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব -এসব বিষয় বৈঠকে প্রধান আলোচ্য ছিল।
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।
আরও পড়ুন: বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ
এর আগে তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








