‘আ.লীগকে নিষিদ্ধের পরই দেশের ভেতরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে’
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে তিনি বলেছেন, সবাই একসঙ্গে বসায় মনে সাহস সঞ্চার হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে এবং বাইরে, যেন আমরা এগোতে না পারি
রবিবার (২৫ মে) বৈঠক শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব এ কথা জানান।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশকে যত রকমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছি। বিভাজন থেকে উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দলের নেতাদের বৈঠক
বৈঠকে প্রধান উপদেষ্টার আলোচনা সারকথা তুলে ধরে তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অনুভব করব। অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে এবং বাইরে, যেন আমরা এগোতে না পারি, যেন সবকিছু কলাপস হয়ে যায়, আবার যেন গোলামিতে ফিরে যাই।
শফিকুল আলম জানান, তিনি (প্রধান উপদেষ্টা) বলেন, যারা এই কন্সপাইরেসি করছে, তাদের উদ্দেশ্য যেন গোলামিতে ফিরে যাই। আমি যতদিন আছি, দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








