সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করা হবে।
এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি এক মিনিট নীরবতা পালন করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বেলা ১২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা মোনাজাতে অংশ নেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর থেকে সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ ভবনের নির্ধারিত দফতরে বেলা সাড়ে ১২টায় তিনি প্রথম দাফতরিক কাজ শুরু করেন।
দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম নীতিনির্ধারণী বৈঠকে বসেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
আরও পড়ুন: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগ সাজানো হয় নতুনভাবে। গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








