তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত
বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ২০ বছর পর পুনরায় রাষ্ট্রক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেন। পরে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।
এই নিয়োগের সঙ্গে সঙ্গেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলে গণ্য হয়েছে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মঙ্গলবার বিকেলে নবগঠিত সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন।
আরও পড়ূন: তারেক রহমানকে জাপানি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতাবলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানকে সরকার গঠনের দায়িত্ব অর্পণ করেছেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর এটি তারেক রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম বড় সাফল্য। বিএনপি সর্বশেষ ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল। প্রায় দুই দশক পর দলটির পুনরাগমনে দেশজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








