তারেক রহমানকে জাপানি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
ছবি: সংগৃহীত
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিশেষ অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানানোর পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
অভিনন্দনবার্তায় জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিক অগ্রগতি ও প্রচেষ্টাকে স্বাগত জানান।
তিনি উল্লেখ করেন, টোকিও বাংলাদেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি সর্বদা সমর্থন বজায় রাখবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের এই মাহেন্দ্রক্ষণে তারেক রহমানের সাফল্য কামনা করে সানায়ে তাকাইচি দুই দেশের মধ্যকার বিদ্যমান ‘কৌশলগত অংশীদারিত্ব’ আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা ও ভারত সফরের আমন্ত্রণ
জাপানি প্রধানমন্ত্রী তার চিঠিতে বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা ভবিষ্যতে আরও বিস্তৃত এবং গভীর হবে। অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে জাপানের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে ঢাকার নতুন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ হিসেবে জাপান দীর্ঘদিন ধরে বড় ধরনের মেগা প্রকল্পসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার বার্তায় স্পষ্ট করেছেন যে, এই উন্নয়নের ধারা বজায় রাখতে এবং কৌশলগত লক্ষ্যসমূহ বাস্তবায়নে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত।
এদিকে, একইদিনে সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে শফিকুর রহমান, উপনেতা তাহের এবং চিফ হুইপ হিসেবে নাহিদ দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
জাপানের এই অভিনন্দন বার্তাকে কূটনৈতিক বিশ্লেষকরা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক ও শক্তিশালী ভিত্তি হিসেবে দেখছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








