News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মমর্যাদা ফিরে পেয়েছে: প্রেস সচিব

ফাইল ছবি

নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের আত্মমর্যাদা পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, মন্ত্রিসভা পর্যবেক্ষণ করেছে যে, এ নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মবিশ্বাস ও মর্যাদা ফিরে পেয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্ট ২০২৪-এ পুলিশের ভূমিকা নিয়ে নানা আলোচনা ছিল এবং অনেকেই বাহিনীর সক্ষমতা ও আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে সাম্প্রতিক নির্বাচনে পুলিশ দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করেছে বলে তিনি মন্তব্য করেন।

শফিকুল আলম জানান, এবারের নির্বাচনে প্রথমবারের মতো বড় পরিসরে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে পুলিশ সদর দপ্তরে বসে প্রায় দেড় ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরাসরি ১৭টি কেন্দ্রের সঙ্গে কথা বলেন। ভবিষ্যতে এ প্রযুক্তির বিস্তৃত ব্যবহার আরও ইতিবাচক ফল দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া ‘সুরক্ষা’ অ্যাপ নির্বাচনী সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সিসিটিভি ব্যবস্থাও সহায়ক ছিল বলে জানান প্রেস সচিব।

নির্বাচন-পরবর্তী সহিংসতার বিষয়ে তিনি বলেন, চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একজন প্রকৃতপক্ষে নির্বাচন-সংক্রান্ত সহিংসতায় নিহত হয়েছেন। হাতিয়ার এক কিশোরীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। কমিটি বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে।

আরও পড়ুন: বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়