চূড়ান্ত ফলের পর ২৯৭ আসনের গেজেট প্রকাশ
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।
এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারসংক্রান্ত জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ইসি ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে ওই আসনগুলোর নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ করা হলো।
ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সংবলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
আরও পড়ুন: নতুন সরকারের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে প্রস্তুত বেইজিং
এবারের নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








